আগামী মাস থেকেই মাঠে গড়াচ্ছে মাদরাসা ক্রিকেট। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্কুল-কলেজের মতো মাদরাসা শিক্ষার্থীদের মাঝেও রয়েছে এই খেলাটির ব্যাপক আগ্রহ। বিকেল হলেই বা ছুটির দিনে ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়ে তারা। এবার তাদের সেই আগ্রহকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে বিসিবি।
গত অক্টোবরে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মাদরাসা ক্রিকেট টুর্নামেন্ট চালুর পরিকল্পনার কথা জানান। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে বোর্ড।
সম্প্রতি গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পাওয়া বিসিবি পরিচালক আসিফ আকবর এক পডকাস্টে জানিয়েছেন, আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট ও মাদরাসা ক্রিকেট শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটও আয়োজন করা হবে।
আসিফ আকবর বলেন, “আমরা তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনতে চাই। অনেক খেলোয়াড় ও কোচই মাদরাসায় পড়াশোনা করেছেন। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও মাদরাসা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে।”
তিনি আরও জানান, দেশের বিভিন্ন মাদরাসায় বড় বড় খেলার মাঠ রয়েছে, যা কাজে লাগিয়ে বয়সভিত্তিক ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের। শিক্ষার্থীদের পরীক্ষার সময় বিবেচনায় রেখে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বিসিবির এই উদ্যোগের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। ক্রিকেটের মূল স্রোতে যুক্ত হয়ে তারাও ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতে পারবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),
কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক