ঢাকা    ০২ এপ্রিল ২০২৬ ইং | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীর্ঘ প্রতীক্ষার পর অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮.১৭ পূর্বাহ্ণ
  • ৬৬ বার পঠিত

অবশেষে স্বপ্নের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রায় দুই যুগ পর ক্যাঙ্গারুর দেশ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে টাইগাররা। আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে Cricket Australia। সিরিজটি International Cricket Council (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দীর্ঘদিন ধরেই স্বপ্নের মতো। আইসিসি টুর্নামেন্টে দেখা মিললেও দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার আমন্ত্রণ পাওয়া বিরল ঘটনা। সর্বশেষ ২০০৮ সালে দুই দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ শেষবার টেস্ট খেলেছিল ২০০৩ সালে। সেই সিরিজের দুই ম্যাচেই হার মানতে হয়েছিল টাইগারদের। সময়ের পরিক্রমায় সেই দলের কেউই এখন আর আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় নন।

দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

প্রাথমিকভাবে এই সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। তবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ওই সময় ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া। ফলে সূচি এগিয়ে এনে চলতি বছরের আগস্টে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সফর।

সবকিছু ঠিক থাকলে এই সফরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে দেখা যেতে পারে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। স্বপ্নের এই সফর ঘিরে ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com