ঢাকা    ০২ এপ্রিল ২০২৬ ইং | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জয়ের লক্ষ্যে মুখোমুখি পাকিস্তান–ইংল্যান্ড ।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯.০৪ পূর্বাহ্ণ
  • ৬৯ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গ্রুপ-২’র গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে দু’দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে জায়গা করে নেয় পাকিস্তান। তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসের পর বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাবরদের।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না পাকিস্তান। দলের অধিনায়ক সালমান আগা বলেন, প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় এখন জয়ের চাপ আরও বেড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে হারলে সমীকরণ কঠিন হয়ে যাবে এবং অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

অন্যদিকে দুর্দান্ত জয় দিয়ে সুপার এইট শুরু করেছে ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে আত্মবিশ্বাসী দলটি। প্রথমে ব্যাট করে ওপেনার ফিল সল্টের ৪০ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তোলে ইংল্যান্ড। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে।

ইংল্যান্ডের বোলিং আক্রমণে উজ্জ্বল ছিলেন উইল জ্যাকস, জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ। জ্যাকস নেন ৩টি উইকেট, আর আর্চার, ডসন ও রশিদ নেন ২টি করে। ব্যাট ও বল হাতে অবদান রেখে ম্যাচসেরা হন জ্যাকস।

পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ সহজ করতে চায় ইংলিশরা। জ্যাকস বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং প্রত্যাশামতো হয়নি, পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে।

টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড। দুই দলের ৩১ দেখায় ২০টিতে জয় ইংল্যান্ডের, পাকিস্তানের জয় ৯টি। একটি ম্যাচ টাই এবং একটি পরিত্যক্ত হয়েছে। ২০১৫ সালে শারজাহতে টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে জিতেছিল ইংল্যান্ড।

এ ছাড়া ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ইংল্যান্ড। এবারও বড় মঞ্চে দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য

এ জাতীয় আরো খবর.

প্রকাশক ও সম্পাদকঃ রেজাউল হক(রনি),

কারিগরি সহযোগিতায়: অক্ষ টেক

প্রধান কার্যালয়: ৫০৭/সি,  খিলগাও ঢাকা-১২১৯ । মোবাইল: ০১৭১৩৬১৫৫৩৩,০১৬১১২২৬৬৯৯ ইমেইল: contactbd7news@gmail.com
themebd7news6534333223
© All rights reserved 2016-2025, bd7news.com